পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদ হাসান মহিনের জামিনে ক্ষোভ প্রকাশ করেছে নিহত সোহাগের ১১ বছরের ছেলে সোহান। আসামিরা জামিনে বের হলে পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে উল্লেখ করে তাদের পরিবর্তে নিজেদের নিরাপত্তা হেফাজতে রাখার দাবি জানিয়েছে সে।
রোববার হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে বাবার হত্যা মামলার প্রধান আসামির জামিনের প্রতিক্রিয়া জানায় সোহান। এ সময় ক্ষুব্ধ কণ্ঠে সে বলে, ‘সবাইকে জামিন দিয়ে দিক, আর আমাদের সেফ কাস্টডিতে রাখুক। যেন অন্তত আমরা সেফ কাস্টডিতে থাকি, কারণ ওরা বের হলে তো আমরা সেফ নই।’
সোহান আরও বলে, ‘মহিন মাস্টারমাইন্ড। তাকে কীভাবে জামিন দেওয়া হলো, এটা আমি আইনের কাছে প্রশ্ন রাখলাম।’
গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদ হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের ওই আদেশের পর রাষ্ট্রপক্ষ জানিয়েছে, প্রধান আসামির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ তথ্য জানিয়েছে।
এদিকে মামলার সব আসামিকে এখনো গ্রেপ্তার না করায়ও ক্ষোভ প্রকাশ করেছে সোহান। সে বলে, ‘দুই নম্বর আসামি টিটু, তাকে এখনো ধরা হচ্ছে না। ১ বছর ৩ মাস হয়ে গেছে, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি।’
২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, যা মিটফোর্ড হাসপাতাল নামে পরিচিত, এর সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) একদল ব্যক্তি পাথর দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং কুপিয়ে হত্যা করে।
ঘটনার পর থেকেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতার কথা বলে আসছেন সোহাগের স্ত্রী লাকি বেগম।
সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগমের করা হত্যা মামলায় আসামি মোট ২১ জন। গত বছরের ৮ ডিসেম্বর মামলাটিতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক মনিরুজ্জামান।
এরপর গত ১২ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
সিটিজিপোস্ট/এফএ







