বিপজ্জনক রাসায়নিক পদার্থ ধ্বংসের জন্য চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেওয়ার পথে একটি কাভার্ড ভ্যানে আগুন লেগেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ভ্যানটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে এতে বহন করা রাসায়নিকের ড্রামগুলো অক্ষত রয়েছে। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাসায়নিক বহনকারী ড্রামগুলো অক্ষত রয়েছে।
কর্মকর্তারা জানান, বিপজ্জনক রাসায়নিক পদার্থগুলো ধ্বংসের জন্য নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডে নেওয়া হচ্ছিল। পথে কাঁচপুর এলাকায় কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়।
রাসায়নিক পদার্থ ধ্বংসের জন্য গঠিত কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম কাস্টম হাউসের সদস্যসচিব মো. রাসেল আহমেদ বলেন, এসব রাসায়নিক পদার্থ ছয়টি কনটেইনার ও তিনটি কাভার্ড ভ্যানে করে নেওয়া হচ্ছিল। তবে কাভার্ড ভ্যানগুলোতে থাকা ড্রামগুলো খালি ছিল। এসব ড্রামে আগে রাসায়নিক সংরক্ষণ করা হয়েছিল। তাই ড্রামগুলোও ধ্বংস করার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছিল।
ঘটনার পর আগুন লাগা কাভার্ড ভ্যানটি কাঁচপুর থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটির একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে জানান মো. রাসেল আহমেদ।
এর আগে, ঘটনার এক দিন আগে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক রাসায়নিকের নয়টি কনটেইনার অপসারণের কাজ শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউস।







