চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেওয়ারিখীল গ্রামের স্টিল ব্রিজ ও কবরস্থানসংলগ্ন সড়কটি টানা তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর সড়কটির বিভিন্ন অংশে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় এটি এখন বিলীনের পথে। এতে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধ ও সড়ক সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সড়কটি পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে। একই সঙ্গে পাশের কবরস্থানও ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের বন্যার পর সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যায়। এরপরও সড়কটি স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে টানা তিন বছর ধরে বর্ষা মৌসুম এলেই সড়কটির বিভিন্ন অংশে নতুন করে ভাঙন দেখা দিচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কটি এলাকার ৪ থেকে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলের অন্যতম প্রধান ও একমাত্র সড়ক। সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, ভাঙন অব্যাহত থাকলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কবরস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সড়কের দুই পাশে থাকা প্রায় ১০ থেকে ১২টি মুদির দোকান, চায়ের দোকান, মুরগির খামারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও এর প্রভাব পড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষের চলাচল কমে গেছে। এতে তাদের ব্যবসায়ও ধস নেমেছে।
সম্প্রতি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট লোকজন ঘটনাস্থলে গিয়ে সড়কটি পরিমাপ করে গেলেও এরপর আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত স্থানীয়রা কোনো কার্যকর আশ্বাস বা সংস্কারকাজ শুরুর খবর পাননি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িকভাবে মাটি বা ইট ফেলে সড়কটি সংস্কার করা হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। নদী বা পানির প্রবাহের কারণে বারবার ভাঙন দেখা দেওয়ায় সড়ক রক্ষায় টেকসই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তারা দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে সড়কটি পুরোপুরি বিলীন হয়ে শিক্ষার্থী, পথচারী ও ব্যবসায়ীদের চলাচল বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে কবরস্থানও ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সিটিজিপোস্ট/এফএ







