বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা মজলিসে শুরার দ্বিতীয় সাধারণ অধিবেশনে সরকারের প্রতি তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয়/চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন, আনোয়ারা-বাঁশখালী হয়ে কক্সবাজার মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণ বন্ধের দাবি জানানো হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অধিবেশন থেকে সরকারের প্রতি এসব প্রস্তাব পেশ করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
অধিবেশনে পেশ করা তিন প্রস্তাবের মধ্যে রয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয়/চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন এবং আনোয়ারা-বাঁশখালী হয়ে কক্সবাজার মহাসড়ক দ্রুত বাস্তবায়ন। এছাড়া খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি ও সীমাহীন দলীয়করণ বন্ধের দাবি জানানো হয়।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফিফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদসহ মজলিসে শুরার সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশবিদ নজরুল ইসলাম বলেন, সরকারের নির্লজ্জ দলীয়করণ জনগণকে অতিষ্ঠ করে তুলছে। দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি ও প্রশাসনের দুর্নীতিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লোকদের দায়িত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় অফিসে পরিণত করা হচ্ছে। এতে একদিকে শিক্ষাব্যবস্থা ধ্বংস হচ্ছে, অন্যদিকে প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে জনগণের ক্ষতি করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকার এভাবে স্বৈরতন্ত্র কায়েম করে জনবিচ্ছিন্ন হয়েছিল। বর্তমান সরকার পতিত স্বৈরশাসকের অধঃপতন থেকে শিক্ষা না নিয়ে বরং তাদের পথেই হাঁটছে। তাই সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে দলবাজি পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, চট্টগ্রামসহ সারা দেশে সরকারদলীয় কর্মীদের নৈরাজ্য সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছে। সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে, নাকি নিজেদের কর্মীদের ভাগ্য পরিবর্তন করবে, সেটি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। সরকারকে দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সিটিজিপোস্ট/এমএইচডি







