চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গিয়াস কাদের অনুসারী বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হাকিমকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। তবে এখন অব্দি এই ঘটনায় কোনো মামলা হয়নি।
হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ সিটিজি পোস্টকে জানান, "উক্ত ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে যদি সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের মামলার আওতায় এনে গ্রেফতার দেখানো হবে।" তবে এখনো আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, ‘‘মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে মদুনাঘাট এলাকায় আব্দুল হাকিমের গাড়ি আটকিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।’’
নিহত আব্দুল হাকিম রাউজানের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও কাপ্তাই সড়ক অবরোধ করেন।
তবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিহত হাকিম বিএনপির কোনো পদে ছিলেন না এবং হত্যাকারী ও নিহত কেউই দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন।’’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। নিহত ব্যক্তি বিএনপির কেউ নন।’’
সিটিজিপোস্ট/ এসএইচএস


.jpg&w=3840&q=75)




