চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলার মাঠ নিয়ে বিরোধের জেরে স্থানীয় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকার মরমের মুখ খেলার মাঠের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নারী-পুরুষসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, নারিশ্চা এলাকায় খালের পাড়ের ওই জমি দীর্ঘদিন ধরে শিশু-কিশোর ও তরুণদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি মোহাম্মদ শহিদুল্লাহ মুন্সি এসে জায়গাটি নিজের বলে দাবি করলে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, বিরোধের জেরে স্থানীয় ৯ জন ছোট শিশু-কিশোর ও যুবকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে। খেলাধুলার জায়গাকে কেন্দ্র করে মামলা দায়েরের প্রতিবাদেই তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা শহিদুল্লাহ মুন্সির দাবির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত জায়গাটি অবমুক্ত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এনাম হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, শ্রমিক দল নেতা মানবুল আলম, মো. নুরুল আবছার, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. সেলিম, আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা ওই মাঠে খেলাধুলা করে আসছেন। মাঠটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ শহিদুল্লাহ। তিনি বলেন, ‘এটা আমার খরিদা জায়গা। এরা সবাই আমার চাষা, আমাকে মারতে চাচ্ছে। একপর্যায়ে তারা আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তাই আমি মামলা করতে বাধ্য হয়েছি।’
সিটিজিপোস্ট/এফএ







