সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সফরে তিনি দুই দেশের বিভিন্ন প্রতিরক্ষা-সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা থেকে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন সেনাবাহিনী প্রধান। সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন তিনি।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন।
এরপর সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন।
সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাবাহিনী প্রধান। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।
নয় দিনের এই সরকারি সফর শেষে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
সিটিজিপোস্ট/এফএ






