চট্টগ্রাম জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সভায় কিশোর গ্যাং, মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলা দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বার (৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বর মাসে জেলার বিভিন্ন থানায় সংঘটিত অপরাধ, মামলার অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, গোয়েন্দা শাখার কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (প্রশাসন), ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অপরাধ নিয়ন্ত্রণে অপরাধ সংঘটনের পর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, বিট পুলিশিং, টহল এবং জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়। নিজ নিজ এলাকার অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি এবং কিশোরদের আড্ডাস্থলে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদকের উৎস ও সরবরাহের চ্যানেল চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। সম্পত্তি-সংক্রান্ত অপরাধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য মামলাভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলার তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের কথাও বলা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে অতিরিক্ত নজরদারি, নিয়মিত টহল এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক প্রচারণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া কোনো অপরাধ সংঘটনের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সিটিজিপোস্ট/এফএ







