চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগীর চাপ দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল। রোগীর চাপ কমানো ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে আগামী ১৫ দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে ৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে রোগীর জায়গা না হওয়ায় অনেককে বাধ্য হয়ে মেঝেতে অবস্থান করতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব মন্ত্রীকে জানান, পটিয়া ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা থেকে রোগীরা এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। অতিরিক্ত রোগীর কারণে প্রয়োজনীয় বেডের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদেরও হিমশিম খেতে হচ্ছে।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য সম্প্রতি জাতীয় সংসদে ২০০ আসনের একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান। সংসদ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন পাঠান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে যান মন্ত্রী।
পরিদর্শনকালে চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসাসেবা এবং রোগীদের খাবারের মান দেখে সন্তোষ প্রকাশ করেন সরদার শাখাওয়াত হোসেন বকুল। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
যেসব জনবল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, পাঁচজন মেডিকেল অফিসার, চারজন নার্স, একজন মিডওয়াইফ, একজন ল্যাব টেকনোলজিস্ট, একজন রেডিওগ্রাফার, একজন বাবুর্চি ও একজন পরিচ্ছন্নতাকর্মী।
এ ছাড়া ওষুধ ও ভ্যাকসিনের মধ্যে ৫০টি রেবিস ভ্যাকসিন, ৫০টি রেবিস আইজি, ১৫০টি ডায়রিয়া স্যালাইন এবং ২০টি অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, মন্ত্রীর একান্ত সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, পটিয়া থানার ওসি জিয়াউল হক ও রাজনৈতিক নেতারা।
সিটিজিপোস্ট/এমএইচডি







