সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানের পর তাদের ফেরত পাঠানো হয়।
শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাত দিনের ওই অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জনকে আকামা বা আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৩ হাজার ৩০৭ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এবং ২ হাজার ৭১৯ জনকে শ্রম আইন অমান্যের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জনের দেশত্যাগের প্রক্রিয়া চলছে।
বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।
এদিকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর হাতে ১ হাজার ৩৮২ জন আটক হয়েছেন। আটক ব্যক্তিদের ৬১ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৮ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ৩২ জনকে আটক করা হয়েছে।
সিটিজিপোস্ট/এফএ







